কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ এ ০৬:১৮ PM
কন্টেন্ট: পাতা
ছাতক সিমেন্ট কারখানা বিসিআইসি এর নিয়ন্ত্রণাধীন বংলাদেশে পদ্ধতিগতভাবে একমাত্র পূর্ণাঙ্গ সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান। সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় সুরমা নদীর তীরে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী এলাকায় কারখানাটি অবস্থিত। ভারতের মেঘালয় রাজ্যের খাসি হিল জেলার জৈন্তিয়া পর্বতমালায় চুনাপাথরে সমৃদ্ধ এই এলাকায় ব্যক্তি মালিকানায় সিমেন্ট শিল্প স্থাপনে উদ্বুদ্ধ হয়ে কতিপয় শিল্পোদ্যোক্তা আসাম বেংগল সিমেন্ট কোম্পানী গঠনের মাধ্যমে তৎকালীন অবিভক্ত ভারতের আসাম প্রদেশের এই এলাকায় ১৯৩৭ সালে কারখানার নির্মাণ কাজ শুরু করেন।
১৯৪১ সালের জুলাই মাসে কারখানায় পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয় এবং ঐ বছরেই ১৮ ই নভেম্বর আসাম প্রদেশের গভর্নর স্যার রবার্ট নীল রীড কারখানা উদ্বোধন করলে বাণিজ্যিক ভিত্তিতে সিমেন্ট উৎপাদন শুরু হয়। তখন এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ছিল মাত্র ৬০,০০০ মে. টন। ১৯৪৬ সালে কারখানার সাথে চুনাপাথর আহরণের খনি কেএলএমসি (কোমরা লাইমস্টোন মাইনিং কো.) রোপওয়ে চালুর মাধ্যমে সংযুক্ত হয়। ছাতক সিমেন্ট কো: লি. হতে কোমরা লাইমস্টোন মাইনিং কো. লি. এর দূরত্ব প্রায় ১৭ কি.মি.। ১৯৪৭ সালে ভারত বিভক্তির পরও কারখানাটি পূর্বতন মালিকানাধীন রয়ে যায় এবং তদানীন্তন পূর্ব পাকিস্তানে সিমেন্ট এর চাহিদা বৃদ্ধি পাওয়ায় ১৯৫৯ সালে বার্ষিক ৯০,০০০ মে. টন ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় ইউনিট স্থাপন করা হয়। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের পর কারখানার মালিকানা তৎকালীন পাকিস্তান সরকার গ্রহণ করে এবং ইপিআইডিসি-এর নিকট এর ব্যবস্থাপনা ভার অর্পণ করে। বাংলাদেশ স্বাধীন হবার পর প্রথমে বিএমওজিসি, পরে বিএমইডিসি এবং সর্বশেষ ১৯৮২ সালের ১লা জুলাই থেকে বিসিআইসি এর নিয়ন্ত্রণে আসে। ইতোমধ্যে ছাতক সিমেন্ট কারখানাটি কোম্পনীতে রূপান্তরিত হয়ে নামকরণ হয় ছাতক সিমেন্ট কোম্পানী লিমিটেড (সিসিসিএল)।
বিংশ শতাব্দীর শেষের দিকে সিমেন্ট উৎপাদনে আধুনিক, পরিবেশ বান্ধব ও শক্তি সাশ্রয়ী ড্রাই প্রসেস এর বিকাশ ঘটলে বিশ্বের সকল সিমেন্ট উৎপাদনকারী কারখানা তাদের উৎপাদন পদ্ধতি পরিবর্তন করে। সিসিসিএল এ পুরাতন অপ্রচলিত ওয়েট প্রসেস পদ্ধতি বহাল থাকায় ক্রমাগত কারখানাটির উৎপাদন ব্যয় বাড়তে থকে। অপরদিকে বাংলাদেশে নতুন নতুন ব্যক্তি মালিকানাধীন সিমেন্ট কারখানা স্থাপিত হতে থাকে। ফলে সিমেন্ট বিপণনে প্রতিযোগিতামূলক বাজার শুরু হয়। কারখানার প্রতিটি ইউনিট অতি জরাজীর্ণ ও পুরাতন হওয়ায় ব্রেক ডাউনের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। কিছু কিছু যন্ত্রপাতি মেরামত অযোগ্য হয়ে পড়ে। ফলে উৎপাদন ক্ষমতা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছাতে থাকে। কারখানাটির বার্ষিক উৎপাদন ক্ষমতা মাত্র ৩৫,০০০ মে. টন হয়ে যায়।
২০১২ সালে সরকার কারখানাটি টিকিয়ে রেখে লাভজনক কারখানায় রূপান্তরের পরিকল্পনা করার নির্দেশনা দেয়। এরই ধারাবাহিকতায় কয়েক দফা সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে আধুনিক শক্তি সাশ্রয়ী পরিবেশ বান্ধব ড্রাই প্রসেস এ দৈনিক ১৫০০ মে. টন ক্লিংকার ও ৫০০ মে. টন সিমেন্ট উৎপাদন ক্ষমতাসম্পন্ন নতুন কারখানা স্থাপনের লক্ষ্যে “ছাতক সিমেন্ট কোম্পানী লিমিটেড এর উৎপাদন পদ্ধতি ওয়েট প্রসেস টু ড্রাই প্রসেস এ রূপান্তকরণ প্রকল্প”-শীর্ষক প্রকল্পটি ২০১৬ সালের ৮ ই মার্চ একনেক কর্তৃক অনুমোদিত হয়।
২০২৬ সালে প্রকল্পে আওতায় নির্মিতব্য কারখানার সামগ্রিক কাজ শেষ হবে। প্রকল্পটি বাস্তবায়ন শেষে সরকারি মালিকানাধীন একমাত্র সমন্বিত সিমেন্ট কারখানাটি লাভজনকভাবে টিকে থাকতে পারবে, লোকজনের কর্মসংস্থান বাড়বে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে।